Update

জেদ্দায় সফলভাবে সম্পন্ন ‘মেড ইন বাংলাদেশ এক্সপো–২০২৫’

জেদ্দা | ১৯ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশের রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ‘Made in Bangladesh Expo™: Saudi Arabia Edition 2025’ সৌদি আরবের জেদ্দায় সফলভাবে সম্পন্ন হয়েছে। এক্সপোর সার্বিক সাফল্য, বাণিজ্যিক অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে জেদ্দায় অনুষ্ঠিত হয় একটি ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান।

গত ১১–১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে জেদ্দার রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এই আন্তর্জাতিক বাণিজ্য এক্সপোতে রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB)-এর ৭টি কোম্পানিসহ মোট ৪০টি বাংলাদেশি কোম্পানি অংশগ্রহণ করে। এক্সপোতে রেডিমেড গার্মেন্টস (RMG), অ্যাগ্রো ও হালাল ফুড, আইসিটি ও ডিজিটাল সার্ভিস, প্লাস্টিকস, পাট ও পাটজাত পণ্য, এবং রিয়েল এস্টেট ও হসপিটালিটি খাতের প্রতিনিধিত্ব ছিল।

মিট দ্য প্রেসে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এক্সপো থেকে উল্লেখযোগ্য পোস্ট-ইভেন্ট বাণিজ্যিক সাফল্য অর্জিত হয়েছে। এর মধ্যে—
• নিশ্চিত রপ্তানি আদেশ: ৪ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার
• রিয়েল এস্টেট ও হসপিটালিটি খাতে নিশ্চিত বিনিয়োগ: ৫ লাখ ৪৬ হাজার মার্কিন ডলার
• মোট ২৩টি ট্রেড এনকোয়ারি
• ৫৫টি ব্যবসা-থেকে-ব্যবসা (B2B) বৈঠক
• ২০০-এর বেশি ব্যবসায়িক যোগাযোগ স্থাপিত হয়েছে

এক্সপোর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার মাননীয় কনসাল জেনারেল মো. সাখাওয়াৎ হোসেন। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব ওসামা কোকান্দি, চেয়ারম্যান, সৌদি অর্থনৈতিক কাউন্সিল, যা এক্সপোর আন্তর্জাতিক গুরুত্বকে আরও সুদৃঢ় করেছে।

মিট দ্য প্রেসে বক্তব্য রাখতে গিয়ে Made in Bangladesh Expo™ এবং Global Trade Promotion Council of Bangladesh (GTPCB)–এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ লিটন আহমেদ বলেন,

“এই এক্সপো ‘Made in Bangladesh™’ ব্র্যান্ডকে আন্তর্জাতিক পরিসরে আরও শক্তিশালী করেছে। সৌদি আরব ও জিসিসি অঞ্চলের ক্রেতারা বাংলাদেশের পণ্যের মান, প্রতিযোগিতামূলক মূল্য এবং সরাসরি সোর্সিংয়ের প্রতি ইতিবাচক আগ্রহ দেখিয়েছেন।”

তিনি আরও জানান, ভবিষ্যতে সৌদি আরবসহ জিসিসি অঞ্চলের অন্যান্য দেশে এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য এক্সপো আয়োজনের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি ও বিনিয়োগ সম্প্রসারণে কাজ করা হবে।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা এক্সপোর সামগ্রিক আয়োজন, বাণিজ্যিক অর্জন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *